ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক সরঞ্জাম, নৌবহর ও সেনা মোতায়েন এবং ইসরায়েলি বাহিনীর উচ্চ সতর্কাবস্থার মধ্যে চলতি সপ্তাহের শেষ নাগাদ ইরানে হামলা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
শুক্রবার (২৩ অক্টোবর) পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই।’
সিরিয়াবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ব্যারাক উপসাগরীয় অঞ্চল সফরের সময় এ সাক্ষাৎকার দেন। তবে ইরানবিষয়ক বিষয়ে তাঁর সরাসরি কোনো দায়িত্ব নেই।
ব্যারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং আলোচনার জন্য প্রস্তুত। এ বিষয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, আগামী মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার পতন ঘটানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গত বছর থেকে ইরানের বিরুদ্ধে দুটি বড় ধরনের বোমা হামলার পরও তিনি এ অবস্থানে অনড় রয়েছেন।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় থাকার পর ট্রাম্পও ইরানে নতুন করে হামলার বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না।
নেতানিয়াহুর অবস্থানের বিপরীতে ব্যারাক স্পষ্ট করে বলেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থার পতন ঘটানো যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে পশ্চিমাপন্থি শাহের শাসনের অবসানের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
ব্যারাক বলেন, ‘আপনারা যদি বিশ্ব, আমাদের মিত্র এবং উপসাগরীয় অঞ্চলকে হুমকি দিতে থাকেন, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। তবে সেই পরিণতি শাসনব্যবস্থার পরিবর্তন হবে না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, তিনি শাসনব্যবস্থার পরিবর্তনে আগ্রহী নন।’
শাসনব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে ব্যারাকের বক্তব্য, ‘শাসনব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে সব সময়ই একটি সমস্যা থাকে। আর তা হলো, পরিবর্তনের পরের দিন কী ঘটবে?’
সূত্র: আরব নিউজ
কুশল/সাএ
সর্বশেষ খবর