মাত্র সাত বছর বয়সে মাকে এবং তেরো বছর বয়সে বাবাকে হারান রোহান। বড় ভাইয়ের আশ্রয়ে বেড়ে ওঠা রোহান একটি ফার্মেসিতে কাজ করতেন। চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। শুক্রবার দিবাগত রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুর পরেও তিনি রয়ে গেলেন তার ছোটবেলার বন্ধু আরিফুল ইসলাম জয়ের পাশে।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন সিয়াম হোসেন (১৮)। তিন বন্ধুর অকাল মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরিফুল ইসলাম জয় মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। নতুন সংসার ঘিরে ছিল তার নানা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। দাম্পত্য জীবনের শুরুতেই স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার।
শনিবার বিকেলে বেজপাড়া তালতলা কবরস্থানে রোহান ও জয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন করা হয়। দুই বন্ধুর এমন করুণ বিদায় পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন ও তার দুই বন্ধু ওমর ফারুক এবং রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম হোসেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামীম হোসেনের ছেলে। তিনি বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য মোটরসাইকেলে ছিলেন বেজপাড়া এলাকার রোহান ও আরিফুল ইসলাম জয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করে। প্রথমে সিয়ামের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে নিহত অপর তরুণের পরিচয় রোহান হিসেবে জানা যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর