ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে নির্বাচনি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে এর আগে ইরানকে দেওয়া তাঁর আলটিমেটামে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল।
রোববার (২৫ অক্টোবর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির (এর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে রোববারই সামরিক অভিযান চালানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি আপনাদের তা বলব? তবে উত্তর হলো, না। কোনো হামলা হবে না।’
এ সময় ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে আসা গোয়েন্দা তথ্যের প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ বিষয়ে তাঁদের কাছে দুটি ভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। প্রাপ্ত তথ্যকে তিনি ‘খুবই উন্নত’ বলে বর্ণনা করেন।
তবে হামলার পরিকল্পনা নাকচ করার আগে একই দিন ইরানকে নিয়ে কঠোর বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি পরাস্ত করা হবে—এটাই এখন মূল প্রশ্ন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।
এর আগে শনিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে পারে অথবা দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান সম্ভাব্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার মধ্য দিয়ে দুই পক্ষের সংঘাত নতুন পর্যায়ে পৌঁছায়। পরে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে রোববার তাৎক্ষণিক হামলার আশঙ্কা কমলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের ভবিষ্যৎ এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর