ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। তাসকিন আহমেদ ও তানজিদ হাসানের পর সর্বোচ্চ পয়েন্টে দল পাওয়ার রেকর্ড গড়েছেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।
রাজধানীর শেরাটন হোটেলে আজ অনুষ্ঠিত হচ্ছে ডি-থ্রি ট্রফির নিলাম। এতে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে পেতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করছে অংশগ্রহণকারী দলগুলো।
নিলামে প্রথমে আলোচনায় আসেন তাসকিন আহমেদ। জাতীয় দলের এই পেসারকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। এর মধ্য দিয়ে কিছু সময়ের জন্য এবারের নিলামে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ক্রিকেটার হয়েছিলেন তিনি। তবে কিছুক্ষণ পরই তার সেই রেকর্ড ভেঙে দেন শরীফুল ইসলাম। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুলকে দলে নিয়ে নিলামের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ক্রিকেটারের স্বীকৃতি পায় সিটিজেন ব্যাংক।
এদিকে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। আরেক ওপেনার সাইফ হাসানের জন্য ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট খরচ করেছে সেভেন রিংস। এ ছাড়া জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।
নিলামে ছয় দল, তালিকায় ২৭৫ ক্রিকেটার
এবারের ডি-থ্রি ট্রফির নিলামে অংশ নিচ্ছে ছয়টি দল। নিলামের তালিকায় রয়েছেন মোট ২৭৫ জন ক্রিকেটার। চলতি বছরের ডিসেম্বরে তিন সংস্করণের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।
নিলামে ক্রিকেটারদের দলে নিতে পয়েন্টের হিসাব ব্যবহার করা হচ্ছে। তবে নিলামে কোনো ক্রিকেটারের জন্য ব্যয় করা পয়েন্ট তার প্রকৃত পারিশ্রমিক নয়। খেলোয়াড়েরা পারিশ্রমিক হিসেবে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি।
প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যেই দলগুলোকে নিজেদের স্কোয়াড সাজাতে হচ্ছে।
পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য
নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিভেদে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে—
এ ক্যাটাগরি: ৪০ লাখ পয়েন্ট
বি ক্যাটাগরি: ৩০ লাখ পয়েন্ট
সি ক্যাটাগরি: ২০ লাখ পয়েন্ট
ডি ক্যাটাগরি: ১০ লাখ পয়েন্ট
ই ক্যাটাগরি: ৫ লাখ পয়েন্ট
নিলামে জাতীয় দলের তারকাদের ঘিরে দলগুলোর আগ্রহ এবং বড় অঙ্কের পয়েন্ট খরচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উত্তাপ আরও বেড়েছে। বিশেষ করে শরীফুল ইসলামের ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দল পাওয়া এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।
কুশল/সাএ
সর্বশেষ খবর