দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬৩ জন।
মৃত সাতজনের মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত ছিলেন ছয়জন। তাঁদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা বিভাগে সংক্রমণ বেশি-
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৫০৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ২৪৮ জন।
সন্দেহজনক হাম রোগী ২ লাখ ছাড়িয়েছে-
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগীর মধ্যে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
আক্রান্তদের মধ্যে অনেকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে।
হামের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা এবং টিকাদান কার্যক্রম জোরদার করছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর