দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। এ সময়ে ঢাকা বিভাগে ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ১১২ জন, বরিশালে ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১ জন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর