সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিল থেকে হুমকি দেওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থল ছেড়ে চলে যেতে দেখা যায়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু এবং যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম এবং গাড়িচালক আব্দুল গফুর।
জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে একরামুল হককে মিছিলে সরাসরি অংশ নিতে দেখা যায়। মিছিলের সামনে ছিল পুলিশের একটি টহল গাড়ি, যার ভেতরে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।
এ সময় মিছিল থেকে কয়েকজনকে ‘একবারে মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়। একপর্যায়ে পুলিশের গাড়ির দরজা খোলা হলেও পরে তা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর