তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজের দীর্ঘদিনের মুকিম ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বেসরকারি গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে রাজধানীর কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি তাবলিগ জামাতের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর