‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাবেয়া যুব উন্নয়ন সংস্থা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাবেয়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা ফারভিন, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাতেন, সংস্থার নির্বাহী পরিচালক হেনডি আমীন পপি, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ক্ষেত্রে যুবসমাজকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে অতিথি ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর