কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্বজোড়া উত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ নাম জেনসেন হুয়াং। তাঁর নেতৃত্বেই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর একটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও রয়েছে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। তবে এবার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্কে জড়িয়েছেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। চীনের সন্দেহভাজন এক নারী গুপ্তচরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের খবর সামনে আসার পর বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ করেছিল বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তাঁদের সম্পর্কের বিষয়টি উঠে আসে। এ ঘটনার পর তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত জেনসেন হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে অনাস্থার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
তাইওয়ান থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে
১৯৬৩ সালে তাইওয়ানে জন্ম জেনসেন হুয়াংয়ের। তাঁর বয়স যখন ৯ বছর, তখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডিতে কাজ করেন তিনি। ১৯৯৩ সালে দুই সহকর্মী ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমকে নিয়ে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া।
প্রতিষ্ঠার পর প্রথম দিকে কম্পিউটার গেমের গ্রাফিকস প্রক্রিয়াকরণের চিপ তৈরি করত কোম্পানিটি। সময়ের সঙ্গে এআই প্রযুক্তির সম্ভাবনা বুঝতে পেরে ব্যবসার কৌশল পরিবর্তন করেন হুয়াং। বর্তমানে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ ও কম্পিউটিং অবকাঠামোর বাজারে এনভিডিয়ার প্রভাব অত্যন্ত শক্তিশালী।
হুয়াংয়ের জীবনীগ্রন্থ ‘থিংকিং মেশিন’-এর লেখক স্টিফেন উইট তাঁকে অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মতো দূরদর্শী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, বর্তমান এআই প্রযুক্তির হার্ডওয়্যার অবকাঠামো তৈরিতে হুয়াংয়ের ভূমিকা অসামান্য।
২০১২ সালে মেশিন লার্নিং ও নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করা গবেষকেরা এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার শুরু করেন। বিষয়টির সম্ভাবনা দ্রুত অনুধাবন করে এআই প্রযুক্তির হার্ডওয়্যার তৈরিতে বিপুল বিনিয়োগ করেন হুয়াং। তখন এই প্রযুক্তির বড় কোনো বাজার ছিল না। কিন্তু তাঁর দূরদর্শী সিদ্ধান্তই পরবর্তী সময়ে এনভিডিয়াকে এআই বিপ্লবের কেন্দ্রে নিয়ে আসে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, হুয়াংয়ের আনুমানিক সম্পদের পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার। অন্যদিকে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
ট্রাম্পের ঘনিষ্ঠতা, যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থান
এআই প্রযুক্তিতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রতিযোগিতায় এনভিডিয়ার মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে।
সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এআইবিষয়ক এক সম্মেলনে ৪২ জন প্রযুক্তি উদ্যোক্তার সঙ্গে উপস্থিত ছিলেন হুয়াং। সেখানে ট্রাম্পের দুই পাশে দেখা যায় ইলন মাস্ক ও এনভিডিয়া প্রধানকে।
ট্রাম্পের মতে, ভবিষ্যতে বিশ্বে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এআই হবে অন্যতম নির্ধারক শক্তি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন এই প্রযুক্তিতে এগিয়ে গেলে দেশটির সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।
এই প্রতিযোগিতায় এনভিডিয়ার পাশাপাশি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের ৯০ শতাংশের বেশি উৎপাদন করে প্রতিষ্ঠানটি।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রি সীমিত করতে বিভিন্ন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির প্রযুক্তিগত সুবিধা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করা সম্ভব।
তবে এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ বাজার চীনে ব্যবসার সুযোগ হারিয়েছে এনভিডিয়া। একসময় চীনের বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব প্রায় ৯৫ শতাংশ থাকলেও তা কার্যত শূন্যে নেমে এসেছে বলে জানিয়েছেন হুয়াং।
চীনের বাজারে আবার প্রবেশের অনুমতি পেতে গত কয়েক বছরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছ থেকে উন্নত চিপ বিক্রির ক্ষেত্রে প্রত্যাশিত ছাড় আদায় করতে পারেননি।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কারণে চীনে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমতি পাওয়ার বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে।
সন্দেহভাজন নারী গুপ্তচরের সঙ্গে কীভাবে জড়ালেন হুয়াং?
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন শীর্ষ নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনভিডিয়ার চিপ অবৈধভাবে চীনে সরিয়ে নেওয়ার কাজে সহায়তার অভিযোগ উঠেছিল। তবে এনভিডিয়া জানিয়েছে, তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
মার্কিন গোয়েন্দাদের নজরদারিতে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এক মার্কিন নাগরিকের যোগাযোগের তথ্য উঠে আসে। পরে ‘আনমাস্কিং’ নামের একটি প্রক্রিয়ায় ওই ব্যক্তির পরিচয় জেনসেন হুয়াং হিসেবে শনাক্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যালিস হুয়াং বেইজিংয়ের কাছে ঠিক কী ধরনের তথ্য সরবরাহ করেছেন, সেগুলোর গুরুত্ব কতটা কিংবা কখন থেকে তিনি তথ্য সংগ্রহ করছিলেন—এসব বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হুয়াং লে নামেও পরিচিত ওই নারী এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
বিবিসি জানতে চেয়েছিল, অ্যালিস হুয়াংকে ঘিরে মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ সম্পর্কে এনভিডিয়া আগে থেকেই অবগত ছিল কি না। জবাবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, তারা এ বিষয়ে কিছু জানতেন না। তাঁর ভাষ্য, এনভিডিয়া যদি সত্যিকারের কোনো নিরাপত্তা হুমকির লক্ষ্যবস্তু হতো, তাহলে মার্কিন সরকার তাদের বিষয়টি জানাত বলে তারা বিশ্বাস করেন।
স্ত্রী-সন্তান নিয়ে পারিবারিক ভাবমূর্তিতেও ধাক্কা
ব্যক্তিগত জীবনে স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গে দীর্ঘদিনের সংসার জেনসেন হুয়াংয়ের। ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় তাঁদের পরিচয়। দুজনই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই ল্যাবে কাজ করতেন। ১৯৮৫ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান—ম্যাডিসন ও স্পেন্সার।
২০০৭ সালে স্ত্রীকে নিয়ে ‘জেন-সান অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষা ও গবেষণায় বিপুল অর্থ অনুদান দিয়েছে। এনভিডিয়ার শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণও বেড়ে ৯ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুয়াং বরাবরই নিজেকে পরিবারকেন্দ্রিক মানুষ হিসেবে তুলে ধরেছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। তাঁর পরিচিত কালো চামড়ার জ্যাকেট পরার স্টাইলের পেছনেও স্ত্রী লরি ও মেয়ে ম্যাডিসনের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন।
কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর নিজের ব্যক্তিগত ভুল স্বীকার করেছেন হুয়াং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণ করেছি। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’
এনভিডিয়া থেকে সরতে হতে পারে হুয়াংকে?
বিতর্কের পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে রোববার দেওয়া এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ জানায়, জেনসেন হুয়াং এবং তাঁর নেতৃত্বাধীন ব্যবস্থাপনা দলের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
বিবিসির সূত্রগুলোর মতে, বিপুল আর্থিক স্বার্থ এবং প্রতিষ্ঠানের নেতৃত্বে তাঁর বিকল্প হিসেবে সুস্পষ্ট কোনো উত্তরসূরি না থাকায় হুয়াংকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা আপাতত কম।
তবে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের প্রভাব শুধু তাঁর পারিবারিক জীবনেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতা, এনভিডিয়ার ব্যবসা এবং জাতীয় নিরাপত্তার বিষয়েও এটি নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশেষ করে চীনের বাজারে উন্নত চিপ বিক্রির অনুমতি পেতে হুয়াংয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা এখন আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের পূর্ণাঙ্গ প্রমাণ কিংবা জেনসেন হুয়াংয়ের মাধ্যমে কোনো গোপন তথ্য চীনে পাচারের বিষয়টি প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি। ফলে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগকে পৃথকভাবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।
সূত্র: বিবিসি
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর