• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ রাত

কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা। পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।

সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]