প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার শেরপুর (বগুড়া) প্রতিনিধি : অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন শফিকুল ইসলাম। দুই বছরেও তেমন আয় করতে না পেরে খালি হাতে দেশে ফিরে আসেন। বেকার জীবন তখন তাঁর কাছে পরিবারের বোঝা মনে হয়েছিল। সেই শফিকুলই এখন নিজের খামারে আয় করছেন মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা, আর অন্য একজনের কর্মসংস্থানও করেছেন।
শফিকুল ইসলাম (শফিকু) শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও শফিকুলের বক্তব্যে জানা যায়, দেশে ফিরে সামান্য পুঁজি নিয়ে তিনি ৫০টি হাঁস দিয়ে 'যমুনা হাঁসের খামার' নামে খামার শুরু করেন। তিন বছর ধরে চলা এই খামার থেকে এখন তাঁর নিজের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আরও একজন সেখানে কাজ করে জীবিকা চালাচ্ছেন। শফিকুলের সাফল্য দেখে এলাকার ও আশপাশের অনেক যুবক এখন হাঁস পালনে আগ্রহ দেখাচ্ছেন। খামার বড় করার পথে বড় বাধা পুঁজি, বলছেন শফিকুল।
তাঁর অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর থেকে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য যে স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, তা প্রকৃত খামারি বা উদ্যোক্তারা পান না। শফিকুল বলেন, আমি কম সুদে ঋণ পেলে সেই টাকায় খামার আরও বড় করতে পারতাম। তাতে আরও অনেক মানুষের কর্মসংস্থান হতো। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান বলেন, উপজেলার সব খামারিকে খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, এ মুহূর্তে তাঁদের হাতে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। তবে বরাদ্দ এলে শফিকুলকে বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর