ট্রাফিক আইন ভঙ্গের কারণে ১০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন এক ব্যক্তি। এ অবস্থায় আইনি জরিমানা এড়াতে পুলিশকে ২ হাজার টাকা ঘুস দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু এভাবে টাকা দিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা ইসলামের দৃষ্টিতে বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইসলামি আইন বিশেষজ্ঞদের মতে, আইনগতভাবে প্রাপ্য জরিমানা বা মামলা থেকে বাঁচতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়া ঘুসের অন্তর্ভুক্ত। ইসলামে ঘুস দেওয়া ও নেওয়া—উভয়ই নিষিদ্ধ এবং গুরুতর পাপের কাজ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আজিমপুর ইদারাতুত তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতি আবু সাঈদ বলেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ আইন অনুযায়ী যে মামলা বা জরিমানা করতে চায়, তা থেকে বাঁচতে ব্যক্তিগতভাবে টাকা দেওয়া জায়েজ নয়। এটি স্পষ্টতই ঘুসের অন্তর্ভুক্ত।
ঘুসের ভয়াবহতা বোঝাতে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ের ওপর অভিশাপ দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৮০)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ই জাহান্নামী।’ (আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৫০)
এ ছাড়া পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৮৮ নম্বর আয়াতে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করতে নিষেধ করা হয়েছে। আয়াতটির ব্যাখ্যায় মুফাসসিররা শাসক, বিচারক ও দায়িত্বশীল কর্তৃপক্ষকে ঘুস দেওয়ার বিষয়টিকেও অন্যায়ভাবে সম্পদ ভোগের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন।
অতএব, ট্রাফিক আইন ভঙ্গের কারণে বৈধভাবে আরোপিত মামলা বা জরিমানা এড়াতে পুলিশকে গোপনে টাকা দেওয়া ইসলামি শরিয়তে গ্রহণযোগ্য নয়। আইন লঙ্ঘন করলে নিয়ম অনুযায়ী জরিমানা পরিশোধ করা কিংবা অভিযোগের বিরুদ্ধে বৈধ আইনি পদ্ধতিতে প্রতিকার চাওয়াই সঠিক পথ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর