*কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: তিন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা*
কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল, সুপার শপ ও বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে এসেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, কোথাও রান্না করা খাবার যথাযথভাবে সংরক্ষণ না করায় বাসি হয়ে যাওয়া, আবার কোথাও খাবার তৈরির স্থানে বিড়ালের উপস্থিতি ও খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার মতো ঘটনা ঘটেছে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে বিচার বিভাগের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এসব অনিয়মের চিত্র পাওয়া যায়। অভিযানে ঝাউতলার জামান হোটেলকে ৩ লাখ টাকা, স্বপ্ন সুপার শপকে ৩ লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চৌরঙ্গী বেকারিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানে আইন প্রয়োগকারী সংস্থা ও খাদ্য নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে পরিচ্ছন্নতার ঘাটতি এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়গুলো সামনে আসে। খাবার তৈরির স্থানে বিড়ালের উপস্থিতি, খাবারে তেলাপোকা পাওয়া এবং রান্না করা খাবার যথাযথভাবে সংরক্ষণ না করার মতো বিষয়গুলো ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের খাদ্যপ্রতিষ্ঠানে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি কিংবা অনিরাপদভাবে খাবার সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শহরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর