• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ দুপুর

বিয়ের আনন্দ মুহূর্তেই আতঙ্কে, পুলিশের গুলিতে আহত ৭

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিয়েবাড়িতে তখন চলছিল আনন্দ-উৎসব। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, সবাই মেতে ছিলেন বিয়ের আয়োজনে। হঠাৎ সেখানে হাজির হয় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অতিথিরা। অভিযোগ উঠেছে, এ সময় পেছন থেকে গুলি ছোড়ে পুলিশ। এতে শিশু-কিশোরসহ অন্তত সাতজন আহত হন। তাদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামের এক যুবকের পায়ে একাধিক গুলি লেগেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন- আবদুর রহিম কালো (১৬), রাহাত (১২), মো. ওয়াসিফ (৮), বাবু (১৮) ও ছাদেক (২৫)। তাদের মধ্যে আবদুর রহিম কালো ছিদ্দিক আহমদ বাশির ছেলে, রাহাত নাছির উদ্দিনের ছেলে, ওয়াসিফ ইমাম হোসেনের ছেলে, বাবু আজগরের ছেলে এবং ছাদেক কালু মাঝির ছেলে। তাদের সবার বাড়ি ওই এলাকায়। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর আহত মিনহাজ ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে আরও গুরুতর কিছু অভিযোগ তোলা হয়েছে।

তাদের দাবি, পুলিশের গুলিতে আহত হওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি পুলিশের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো এবং অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তারা।

মিনহাজ উদ্দিন বলেন, ‘এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আমরা আনন্দ করছিলাম। এ সময় পুলিশ এলে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করি। তখন পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য আমাদের লক্ষ্য করে গুলি করেন। এতে ছয়-সাতজন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যেতে পারলেও আমার পায়ে একাধিক গুলি লাগায় পড়ে যাই।’

মিনহাজের অভিযোগ, আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন এবং তার মুঠোফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। পরে ডাকাতের গুলিতে তিনি আহত হয়েছেন, এমন বক্তব্য দিতে চাপ দিয়ে ভিডিও ধারণ করা হয়। এরপর তাকে মহেশখালী থানায় নেওয়া হয়।

মিনহাজ বলেন, ‘আমি পুলিশের গুলিতে আহত হয়েছি। অথচ আমাকে দিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেক মানুষ উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিথিরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে সাতজন আহত হন।

স্থানীয়দের ভাষ্য, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে। প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আহত কয়েকজনের অভিভাবক বলেন, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাদের সন্তানসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

মিনহাজের ভাই কফিল উদ্দিন বলেন, ‘আমার ভাইকে বিয়েবাড়িতে গুলি করে পুলিশ ধরে নিয়ে যায়। কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে পরে মহেশখালী থানায় নেওয়া হয়। ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে ডাকাতের গুলিতে আহত হয়েছে বলে ভিডিও বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে আমাদের ভিডিও বক্তব্য দিতে হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ গণমাধ্যমে অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান।

তিনি বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাদের পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

একটি বিয়ের অনুষ্ঠানে পুলিশের অভিযান, শিশু-কিশোরসহ একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ এবং পরবর্তী সময়ে আহত ব্যক্তিদের বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি দাবির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, কার গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহতদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]