ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে ২০২৭ সালের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশের উদ্যোক্তা ও তরুণ সংগঠক কাজী ফাহাদ। এই দায়িত্বে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার জেসিআই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে কাজ করবে।
কাজী ফাহাদ ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নির্বাচন আন্তর্জাতিক যুব নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করেছে।
২০১৮ সালে জেসিআইয়ে যোগ দেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে জেসিআই ঢাকা সাউথ এর লোকাল প্রেসিডেন্ট, ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালে ন্যাশনাল প্রেসিডেন্ট হন।
তাঁর এই পথচলায় অধ্যবসায়ের পাশাপাশি অভিজ্ঞ নেতাদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২১ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট উৎসাহ তাঁকে জেসিআইয়ের সঙ্গে যুক্ত থাকতে এবং নেতৃত্বের আরও বড় দায়িত্ব গ্রহণে অনুপ্রাণিত করে।
কাজী ফাহাদ বলেন, “জেসিআই আমাকে গড়ে তুলেছে, বদলে দিয়েছে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে ও দেশের সীমানা পেরিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার প্রতি আস্থা ও সমর্থনের জন্য জেসিআই বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্টবৃন্দ, আমার পথপ্রদর্শক এবং সহযোদ্ধা সদস্যদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। কেউ একজন আমার জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিলেন। আমিও অন্যদের জন্য আরও সুযোগ তৈরি করতে চাই।”
২০২৭ সালের জেসিআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত পাঁচ দেশের ন্যাশনাল অর্গানাইজেশনের কার্যক্রমে সহায়তা, নেতৃত্ব উন্নয়ন এবং আন্তদেশীয় অংশীদারত্ব বৃদ্ধিতে কাজ করতে চান। পাশাপাশি তরুণ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন ও নেতৃত্বের দায়িত্ব গ্রহণের সুযোগ বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য।
জেসিআইয়ের বাইরেও কাজী ফাহাদ একজন উদ্যোক্তা। তিনি ২০১১ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। করপোরেট উপহার ও প্রচারসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান করপোরেট বক্সও তাঁর ব্যবসায়িক উদ্যোগের অন্তর্ভুক্ত। ১৩ বছরের বেশি সময়ের উদ্যোক্তা জীবনে বাংলাদেশের রপ্তানি খাতে অবদানের জন্য তিনি স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নিজের উদ্যোক্তা জীবনে প্রয়াত বড় বোনের দিকনির্দেশনা ও উৎসাহকে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে দেখেন কাজী ফাহাদ। ক্রিকেটপ্রেমী ও কাজী কিংসের স্বত্বাধিকারী হিসেবে তিনি খেলাধুলা ও নেতৃত্বে দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাকে বিশেষ গুরুত্ব দেন।
আন্তর্জাতিক এই দায়িত্বের মাধ্যমে তিনি বাংলাদেশের আরও বেশি তরুণকে বিশ্বপরিসরে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে এবং আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করতে চান।
সর্বশেষ খবর