সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়ায় আইনি ত্রুটি পাওয়ায় গ্রেপ্তারের এক দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মুম্বাইয়ের একটি আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় গত ১৩ নভেম্বর মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে ১৪ নভেম্বর দিল্লির শাহদারা এলাকার জগৎপুরি থানা এলাকা থেকে আরিয়ান দীপক জৈন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে আদালতে হাজির করা হয়।
এ সময় অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তাদের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত ও উদ্ধার এবং সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখা প্রয়োজন।
তবে পুলিশের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আদালত। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে সেখানকার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) নির্ধারিত বিধান যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারক।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীরাও গ্রেপ্তারের বৈধতা নিয়ে আপত্তি জানান। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং আটকের কারণও যথাযথভাবে জানানো হয়নি।
সব দিক বিবেচনা করে পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন খারিজ করেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারকে বেআইনি উল্লেখ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন।
তবে আদালতের এ নির্দেশকে অভিযুক্তের নির্দোষ প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। মামলার অভিযোগের সত্যতা কিংবা অভিযুক্তের অপরাধের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। মূলত গ্রেপ্তারের আইনি প্রক্রিয়ায় ত্রুটির কারণেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে।
এর আগে, ২০২৬ সালের মার্চে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের অননুমোদিত ব্যবহার ঠেকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনাক্ষী। আদালত তাঁর ব্যক্তিস্বত্বা সুরক্ষায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। এতে অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: দ্য স্টেটসম্যান
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর