নাগরিকদের সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি জানতে ‘অভিযোগ বক্স’ চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনের বাসিন্দাদের অভিযোগ ও মতামত জানার পাশাপাশি সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে এ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার বাসিন্দারা নির্ভয়ে নিজেদের সমস্যা, নাগরিক দুর্ভোগ, অনিয়ম, হয়রানি ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব লিখিতভাবে জমা দিতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এলাকার সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এ ব্যবস্থার মূল উদ্দেশ্য। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে ভোগান্তি, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধার ঘাটতি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এ বক্সে জমা দেওয়া যাবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া বিষয়গুলো মির্জা আব্বাস নিজে পর্যালোচনা ও তদারকি করবেন। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও থাকবে।
ঢাকা-৮ আসনের বাসিন্দাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিতে পারেন। প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তোলা ছাড়া সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাকে তিনি জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন।
ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও কামনা করেছেন তিনি।
এ উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ ও প্রত্যাশাকে এলাকার উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা আব্বাস।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর