লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত ও এনসিপিকে দোষারোপ করে তিনি বলেছেন, গোপালগঞ্জের ঘটনার মতো এবারও কি তারা বিএনপি সরকারকে দায়ী করবে?
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে তাদের নিষিদ্ধের ব্যবস্থা করে দেবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
রাশেদ খান আরও লেখেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়াল! এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে? গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হুমকির জন্য কূটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’
পোস্টে তিনি বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব’, তাহলে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে রাশেদ খান লেখেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর