যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলা করায় মামলার বাদী ও ভুক্তভোগীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে গত ১৪ নভেম্বর চাঁদা না পেয়ে সন্ত্রাসী তোতা গোলাম হোসেন বুদোসহ চার কৃষককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় ১৫ নভেম্বর শার্শা থানায় একটি মামলা (নং ২২) দায়ের করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে সন্ত্রাসী তোতা দলবল নিয়ে গোলাম হোসেন বুদোর বাড়িতে গিয়ে তাকে ও মামলার বাদীকে হত্যার হুমকি দেয়। এ সময় বুদোর মামা বজলুর রহমানের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে তোতা। চাঁদা না দিলে নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, তোতা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অথচ পুলিশ বলছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী ও এলাকাবাসী সন্ত্রাসী তোতার দৌরাত্ম্য বন্ধে জেলা পুলিশ সুপার, ডিবি ও র্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তোতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর