• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৯ রাত

নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ

ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও যাচাইবিহীনভাবে প্রচার বন্ধে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা চেয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন, নাশকতা, ভাঙচুর ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের খবর টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

এসব ঘটনা সম্পর্কে জনগণকে অবহিত করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো কোনো ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিক ও সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ অযথা ভীতির সঞ্চার করতে পারে। এতে স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

নোটিশে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কার্যকলাপ এমনভাবে প্রচার করা সমীচীন নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি কিংবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে।

তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান উল্লেখ করে নোটিশে বলা হয়, প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ কিংবা জননিরাপত্তাসংক্রান্ত সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচার বন্ধ করা এ নোটিশের উদ্দেশ্য নয়। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী এবং সরাসরি সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এর লক্ষ্য।

নোটিশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ যাচাইবিহীন, অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতিতে প্রচার থেকে বিরত রাখতে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে সহিংসতার সংবাদ প্রচারের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম ও অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারে প্রযোজ্য আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উল্লিখিত বিষয়গুলো আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]