• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত

সাঈদ খোকনের প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল, ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে ঢাকার আদালতপাড়ায় উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত কয়েকজন মবের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত চত্বরে এসব ঘটনা ঘটে। সাঈদ খোকনের পক্ষে থাকা অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধরের অভিযোগও উঠেছে।

আদালত সূত্রে জানা যায়, ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে এসআরবি। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সাঈদ খোকনকে আদালতে হাজির করা হবে—এ খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকেই আদালতপাড়ায় জড়ো হতে থাকেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের অনেকের হাতে ঝাড়ু দেখা যায়। এ সময় তাঁরা ‘লীগ ধর, জবাই কর’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলামকে তাঁদের নেতৃত্ব দিতে দেখা যায়।

বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়ি আদালত চত্বরে প্রবেশ করলে সেটি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুত গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।

প্রায় ২৫ মিনিট পর পুলিশের একটি প্রিজনভ্যানে করে তাঁকে হাজতখানা থেকে আদালতের বারান্দায় নেওয়া হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও স্লোগান দেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে এজলাসে তোলা হয়।

সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আগামীর সময়-এর প্রতিবেদক মাসুদ রানাকে হেনস্তা করা হয়। ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ ও ‘আওয়ামী লীগের দালাল’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেন।

এ ছাড়া আদালতপাড়ায় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগসহ আরও কয়েকজন মবের শিকার হন। তাঁদের মধ্যে অন্তত চারজনকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠার পর সাঈদ খোকনের রিমান্ড শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানিতে তিনি দাবি করেন, সাঈদ খোকন শেখ হাসিনার সরকারের একজন সাবেক সংসদ সদস্য এবং আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), মানি লন্ডারিং ও হত্যা মামলাসহ ৩০টির বেশি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন নাশকতা, মিছিল ও সমাবেশে সাঈদ খোকন নেতৃত্ব দিয়েছেন। হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ডের আবেদন নাকচের অনুরোধ জানান। তিনি বলেন, ঘটনার ২২ দিন পর মামলাটি করা হয়েছে। মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। রিমান্ডে নেওয়ার মতো যথেষ্ট কারণও নেই বলে দাবি করেন তিনি।

জবাবে পাবলিক প্রসিকিউটর বলেন, ঘটনার সময় মামলা করার মতো পরিস্থিতি ছিল না। তৎকালীন সরকারের পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে গিয়েছিলেন।

শুনানির একপর্যায়ে সাঈদ খোকন কথা বলার জন্য হাত তুলে আদালতের অনুমতি চান। তিনি বলেন, ‘মাই লর্ড, কথা বলতে চাই।’ তবে তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

পরে আদালত সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]