চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। নভেম্বরের মাঝামাঝি তা নেমে আসে ৩ হাজার ৮৩০ ডলারের কাছাকাছি। অর্থাৎ সর্বোচ্চ অবস্থান থেকে দাম কমেছে প্রায় ৩১ শতাংশ। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের ভরি নেমে এসেছে ২ লাখ টাকার নিচে।
স্বর্ণের দামের এই পতনের পেছনে বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের সুদের হার, শক্তিশালী ডলার এবং বিনিয়োগকারীদের আচরণ। স্বর্ণ থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা তৈরি হলে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের আকর্ষণ কমে।
এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের শক্তিশালী অবস্থান। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে চাহিদায় চাপ তৈরি হয়। পাশাপাশি শেয়ারবাজারসহ অন্যান্য খাতে লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহের জন্য সহজে বিক্রিযোগ্য সম্পদ হিসেবে স্বর্ণ বিক্রি করছেন। এসব কারণ মিলেই স্বর্ণের বাজারে দরপতনের চাপ বাড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ ট্রেজারি ইল্ড, শক্তিশালী ডলার এবং ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের চাহিদা দুর্বল করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারের জন্য এখনো গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে রয়েছে।
সামনে স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার ঘুরে দাঁড়াবে—এ প্রশ্নে বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পার্থক্য রয়েছে। স্বল্প মেয়াদে সুদের হার বাড়ার চাপ অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও চাপে থাকতে পারে। বাজারে স্থিতিশীলতার স্পষ্ট সংকেত না পাওয়া পর্যন্ত বড় বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকদের কেউ কেউ।
তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের রিজার্ভ বাড়ানোর প্রবণতা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা মূল্যবান এই ধাতুর চাহিদাকে সমর্থন দিতে পারে। ২০২৭ সালে সুদের হারের চাপ কমলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সম্ভাবনাও দেখছেন কিছু বিশ্লেষক।
সব মিলিয়ে, স্বল্প মেয়াদে স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা থাকলেও দীর্ঘ মেয়াদে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাজার পরিস্থিতি, ব্যক্তিগত আর্থিক সামর্থ্য ও বিনিয়োগের সময়সীমা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: রয়টার্স।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর