• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৫ রাত

নির্মাণাধীন বাড়িতে লুটপাট-ভাঙচুর, ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ ছয় পুলিশ সদস্য ও পুলিশের কথিত এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি ধরার কথা বলে গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যায় পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আলম সাইর। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় আসামি খোঁজার কথা বলে ভবনটির আশপাশের রাস্তার দুই পাশে বেরিকেড দেওয়া হয়। পরে ভবনটিতে ভাঙচুর চালানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে ভাঙচুরের পর ভবনে থাকা লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী একটি ট্রাকে তুলে নিয়ে যায় অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। তবে কী কারণে এসব মালামাল নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

স্থানীয় সূত্র ও জমির কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভবনটি গত পাঁচ বছর ধরে সৌদি আরবপ্রবাসী রিয়াদ নির্মাণ করছেন। অথচ পুলিশের পক্ষ থেকে ভবনটিকে তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি বলে দাবি করা হয়েছে। এ নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয় তথ্য ও জমির মালিকানাসংক্রান্ত নথির অসংগতি সামনে এসেছে।

ঘটনাটি ফাইতং পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৩০০ গজের মধ্যে ঘটলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন ফাঁড়ির ইনচার্জ। ফলে পুলিশের অভিযান, ভবন ভাঙচুর এবং নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে তৎপর হন। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদর রহমানের বক্তব্য, বাড়িটি তৌহিদ নামের একজন শীর্ষ সন্ত্রাসীর। তবে জমির কাগজপত্র ও এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, এটি সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবন।

মামলার বাদী আলম সাইর তার অভিযোগে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করেছেন। মামলার নম্বর সিআর ৩৪২/২৬।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]