কক্সবাজারে বীচ কার্নিভালের নামে উপকূলীয় পরিবেশের ক্ষয়ক্ষতির প্রতিবাদ করায় পরিবেশকর্মীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও আটকের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নেতারা কক্সবাজারের পুলিশ সুপারের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, পর্যটনের বিকাশে ‘বীচ কার্নিভাল’ আয়োজনের উদ্যোগকে শুরু থেকেই স্বাগত জানিয়েছিলেন পরিবেশ ও নাগরিক সংগঠনের নেতারা। তবে পরবর্তী সময়ে কার্নিভালের নামে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউগাছ নিধন এবং বালিয়াড়ির ব্যাপক ক্ষতি করা হয়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে গত ১৮ নভেম্বর পরিবেশ ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মানববন্ধনের কর্মসূচি ঘোষণার আগের মধ্যরাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ। এ সময় কোনো অভিযোগ ছাড়াই তার কলেজপড়ুয়া ছেলে রাফায়েল উল্লাহ রোহানকে আটক করে থানায় নেওয়া হয়। যদিও পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া বাপার জেলা সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এইচ এম নজরুল ইসলামের বাসার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান এবং তার বিষয়ে খোঁজখবর নেওয়ার মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন নেতারা। একই সঙ্গে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
নেতারা বলেন, একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি-প্রজাপতিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে পরিবেশ রক্ষায় সোচ্চার ব্যক্তিদেরই হয়রানি ও নজরদারির মুখে পড়তে হচ্ছে। পরিবেশ সংরক্ষণ কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, এটি নাগরিক অধিকার ও সাংবিধানিক দায়িত্বেরও অংশ।
স্মারকলিপিতে আরও বলা হয়, বীচ কার্নিভাল আয়োজনের নামে উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের প্রতিবাদ করায় পরিবেশকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নজরদারি উদ্বেগজনক। এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ী কর্মকর্তা ও উসকানিদাতাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পরিবেশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সেক্রেটারি জেনারেল ইসলাম মাহমুদ, ‘আমরা কক্সবাজারবাসী’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাপার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, ইয়েস-কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাপার জেলা সভাপতি এম. জাফর আলম ছিদ্দিক এবং বিবিএসএফের জেলা সহসভাপতি শামসুল আলম শ্রাবণ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর