পেশায় একজন বাবুর্চি, অন্যজন জেলে। চিংড়ি ঘেরে কাজ করেই চলত তাদের সংসার। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর স্থানীয় মানুষের কাছে নুরুল আমিন (৫০) ও পলাশ বাবু (৪৫) পরিচিত ছিলেন সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে। তাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ নেই। পুলিশি অপরাধের তথ্যভান্ডারেও মেলেনি মামলার রেকর্ড। স্থানীয় জনপ্রতিনিধি থেকে সংসদ সদস্য, এমনকি উপজেলা প্রশাসনের বক্তব্যেও উঠে এসেছে তাদের নিরীহ পরিচয়।
কিন্তু এখন তারা কারাগারে। গত ২০ নভেম্বর রাতে দুটি দেশীয় বন্দুক উদ্ধারের ঘটনায় কোস্ট গার্ডের করা অস্ত্র মামলার আসামি তারা। তাদের আটকের ঘটনা নিয়ে কোস্ট গার্ডের দেওয়া বক্তব্য, মামলার এজাহার এবং পরবর্তী সময়ে সংস্থাটির এক কর্মকর্তার বক্তব্যে পাওয়া গেছে তিন ধরনের তথ্য। কোথাও বলা হয়েছে, ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোথাও বলা হয়েছে, সড়কে ধাওয়া করে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। আবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মামলার বাদী জানিয়েছেন, একটি চিংড়ি ঘেরের ঘর থেকে তাদের আটক করা হয়েছে।
শুধু আটকের স্থান নয়, অভিযানের সময় ও অস্ত্র উদ্ধারের পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন। জব্দ তালিকায় স্থানীয় কোনো সাক্ষী নেই। অভিযানের সময় সেখানে থাকা দুই প্রত্যক্ষদর্শীর দাবি, আটকের সময় ওই দুই শ্রমিকের হাতে কোনো অস্ত্র ছিল না। এসব অসংগতির কারণে কোস্ট গার্ডের অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে।
গত সোমবার মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি আটক দুই শ্রমিককে নিরীহ উল্লেখ করে কোস্ট গার্ডের প্রতিনিধির কাছে জানতে চান, অস্ত্র উদ্ধার হয়ে থাকলে প্রকৃত হোতাদের কেন আটক করা হলো না? তাদের বিরুদ্ধে কেন মামলা করা হলো না?
জবাবে সভায় উপস্থিত বিসিজি স্টেশন মহেশখালীর ভারপ্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) ও মামলার বাদী পেটি অফিসার সাগর মিস্ত্রী বলেন, আটক দুজন নিরীহ বলে তিনিও জানেন। তবে একটি চিংড়ি ঘেরের ঘর থেকে তাদের আটক করা হয়েছে এবং ওই ঘরের ভেতরেই অস্ত্র পাওয়া গেছে। এ কারণে মামলা করা ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি।
মামলার বাদীর এই বক্তব্যের সঙ্গে এজাহারের বিবরণে রয়েছে বড় ধরনের পার্থক্য। সাগর মিস্ত্রীর করা এজাহারে চিংড়ি ঘেরের ঘরের কোনো উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে, ২০ নভেম্বর রাত ১০টায় ঘটিভাঙ্গা চ্যানেলে টহলরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যরা খবর পান, তাজিয়াকাটা ঘাট এলাকায় মাদকসহ চোরাচালানকারীরা অবস্থান করছে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাজিয়াকাটার একটি কাঁচা রাস্তা থেকে পালানোর সময় ধাওয়া করে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়।
অন্যদিকে, ২১ নভেম্বর বিসিজি স্টেশন কক্সবাজার পূর্ব জোনের সংবাদ সম্মেলন এবং কোস্ট গার্ডের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে বলা হয়, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে রাত ১০টায় অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের নিয়ে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বন্দুক দুটি উদ্ধার করা হয়।
অর্থাৎ, একই অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের তিন বক্তব্যে তিনটি ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে ডাকাতদলের আস্তানা, এজাহারে সড়কে ধাওয়া করে অস্ত্রসহ আটক এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় চিংড়ি ঘরের ভেতর থেকে আটকের কথা বলা হয়েছে।
নুরুল আমিন বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের হাসান আলীর ছেলে। পলাশ বাবু বড় কুলাল পাড়া গ্রামের মৃত হৃদয় বাবুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন সংশ্লিষ্ট মৎস্য ঘেরে রান্নার কাজ করতেন। পলাশ বাবু সেখানে কাঁকড়া ধরতেন।
পুলিশের অপরাধ তথ্যভান্ডার (পিসিপিআর) যাচাই করেও তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগের কথা জানাতে পারেননি।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন, আটক দুজন তার এলাকার অত্যন্ত নিরীহ শ্রমিক। তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুর রহিম বলেন, মার্ডার ঘোনা থেকে দুই নিরীহ শ্রমিককে কোস্ট গার্ড আটক করেছে বলে তিনি শুনেছেন।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন ডালিম বলেন, ‘দুই শ্রমিকের আটকের বিষয়ে গতকাল সোমবারের সভায় আলোচনা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ডকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
অভিযানের বর্ণনায় অসংগতির পাশাপাশি অস্ত্র উদ্ধারের জব্দ তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তালিকায় স্থানীয় কোনো ব্যক্তিকে সাক্ষী রাখা হয়নি। সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন অভিযানে অংশ নেওয়া মহেশখালী স্টেশনের তিন কোস্ট গার্ড সদস্য মো. সাইদ ইব্রাহিম, মোহাম্মদ তোফাজ্জল ও নয়ন মিয়া।
জব্দ তালিকার ৩ নম্বর ক্রমিকে বাদী সাগর মিস্ত্রী উল্লেখ করেছেন, মধ্যরাতে অভিযান হওয়ায় কোনো স্থানীয় সাক্ষী পাওয়া যায়নি। অথচ তারই করা এজাহারে অভিযানের সময় উল্লেখ রয়েছে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে।
স্থানীয়দের ভাষ্য, ওই সময় এলাকায় মানুষের চলাচল থাকে। আশপাশেও রয়েছে বসতবাড়ি। তাজিয়াকাটা ঘাটের পাশে জনসাধারণের চলাচলের কোনো কাঁচা রাস্তা নেই বলে জানিয়েছেন স্থানীয় বোট মালিক ও মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর। তার ভাষ্য, ঘাটের পাশে রয়েছে মৎস্য ঘেরের বাঁধ ও বেড়িবাঁধ।
অভিযানের স্থান ও আটকের পরিস্থিতি নিয়ে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ট্রলারের দুই পাহারাদারের বর্ণনায়। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই ব্যক্তির বক্তব্যের ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
তাদের দাবি, তাজিয়াকাটা ঘাটে নয়, ‘মার্ডার ঘোনা’ মৎস্য প্রকল্পের খামারঘরে অভিযান চালায় কোস্ট গার্ড। রাত সাড়ে ১২টার দিকে স্পিডবোট নিয়ে সেখানে গিয়ে সদস্যরা চিৎকার শুরু করেন। এ সময় ঘেরে থাকা ২০ থেকে ২২ জন শ্রমিক পালিয়ে যান। পালাতে না পেরে আটক হন নুরুল আমিন ও পলাশ বাবু।
ওই দুই প্রত্যক্ষদর্শীর দাবি, আটকের সময় নুরুল আমিন ও পলাশ বাবুর হাতে কোনো অস্ত্র ছিল না।
একই অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন, মামলার এজাহার ও আইনশৃঙ্খলা কমিটির সভায় ভিন্ন ভিন্ন তথ্য দেওয়াকে উদ্বেগজনক বলে মনে করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।
তিনি বলেন, ‘প্রেস ব্রিফিংয়ে এক তথ্য, এজাহারে অন্য তথ্য, আবার আইনশৃঙ্খলা সভায় ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সরকারি সংস্থার এমন ত্রিমুখী আচরণই অভিযানটিকে প্রশ্নবিদ্ধ করতে যথেষ্ট। এভাবে ভিন্ন তথ্য দেওয়ায় আইনের ব্যত্যয় ঘটে এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি।’
অভিযানের স্থান, অস্ত্র উদ্ধারের পরিস্থিতি, জব্দ তালিকায় স্থানীয় সাক্ষী না থাকা এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি মামলার বাদী পেটি অফিসার সাগর মিস্ত্রী। তিনি কোস্ট গার্ড চট্টগ্রামের মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত প্রশ্ন পাঠাতে বলেন এবং সন্ধ্যা ৭টার মধ্যে জবাব দেওয়ার আশ্বাস দেন। তবে রাত ৮টার দিকে ফোন করে গণমাধ্যমে জানান, প্রশ্নগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এবং দ্রুত জবাব দেবে বলে জানিয়েছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।
অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রকৃত ঘটনা কী, বন্দুক দুটি কার এবং আটক দুই শ্রমিকের সঙ্গে অস্ত্রের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের বিষয়। তবে একই অভিযানের বিষয়ে তিন ধরনের বক্তব্য, জব্দ তালিকায় স্থানীয় সাক্ষীর অনুপস্থিতি এবং প্রত্যক্ষদর্শীদের বিপরীত দাবি উপেক্ষা করার সুযোগ নেই। নিরীহ পরিচয়ে পরিচিত দুই শ্রমিকের বিরুদ্ধে করা মামলার সত্যতা নিশ্চিত করতে এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর