অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মালয়েশিয়ার নির্ধারিত কর্মসূচি স্থগিত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল জামায়াত আমিরের। তবে সফর সংক্ষিপ্ত করে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবারই দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথাও জানান তিনি। তাদের সবার জন্য উত্তম প্রতিদান ও সম্মান কামনা করেন।
পোস্টে তিনি আরও লেখেন, প্রবাসীরা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং বাংলাদেশের জন্য অবদান রাখতে চান। তাদের পাশাপাশি বিশ্বের সব প্রবাসী বাংলাদেশিকে প্রাপ্য সম্মান দেওয়া দেশের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জামায়াত আমির লেখেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন। নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার অন্যতম কারণ। দলও তার দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে বলে জানান তিনি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর