কুমিল্লায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে চল্লিশ লাখ টাকার চিনি ছিনতাই করে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ঘটনায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ডিবির ওসি শামসুল আলম শাহ-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে জেলা ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি শামসুল আলম শাহ জানান, চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আকিজ কোম্পানির ৪০ লাখ টাকা মূল্যের ২৭ মেট্রিক টন চিনি (চট্ট- মেট্রো - শ-১১-০৬৫৫) ট্রাকে বোঝাই করে চালক আলাউদ্দিন (৩১) গত ১৫ জানুয়ারি গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন। ১৭ জানুয়ারি খালি গাড়িসহ চালক আলাউদ্দিনের লাশ কুমিল্লার মনোহরগঞ্জ থানার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বিপুলা সারের বড় কাছি এলাকা থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার চালক আলাউদ্দিন ভোলা জেলার লালমোহন থানার রায়চাঁদ গ্রামের পলান মিয়ার ছেলে। এ ঘটনায় গাড়ির মালিক নাজমুল হোসেন (২৯) বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশও মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে। ডিবির ওসি শামসুল আলম শাহ-এর পুলিশের একটি দল গত দুদিন ধরে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশ ছিনতাইকারীদের লুন্ঠিত প্রতি বস্তায় ৫০ কেজি করে ৯৯ বস্তা চিনি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো - নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামের নূর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি গ্রামের মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার চৌদ্দগ্রামের আল করা গ্রামের শাহাদাত হোসেন রকি (২৬), একই থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ বাবলু (৩৯) ও ফেনীর সদর থানার ইজ্জতপুর গ্রামের আমিনুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর