ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তার বিজয়ের তথ্য নিশ্চিত হওয়া যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, গরুরগাড়ি প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।
এতে গরুরগাড়ি প্রতীক প্রায় ৩০ হাজার ৬৮৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে।
এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। এবারও বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হলেন।
প্রচার-প্রচারণার শুরু থেকেই ভোলা-১ আসনটি ছিল বেশ আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জামায়াতে ইসলামী এ আসনে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাজু/নিএ
সর্বশেষ খবর