শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈইসার এলাকা থেকে একটি আমগাছের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নুদ্দিন ঢালী মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং তিন মাস আগে দেশে ফেরেন। রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে সোমবার বিকেলে স্থানীয়রা একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল বলে শুনেছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর