প্রথমবারের মতো মহান অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পৌঁছান তার নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। পরে রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
জানা যায়, এর আগে কখনো বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোনো আমিরকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এবার তার এই উপস্থিতি রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবেই হয়েছে।
তিনি বলেন, “এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব। আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা ১৯৪৭-এর শহীদদের স্মরণ করি, ১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই।”
তিনি জুলাই গণ-অভ্যুত্থানে ন্যায়ের অধিকারের দাবিতে প্রাণ দেওয়া শহীদদেরও স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, শহীদদের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
জামায়াত আমির বলেন, “শহীদদের সেই প্রত্যাশা পূরণে, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত জাতি গড়তে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
এদিকে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও শহীদ মিনারে উপস্থিত ছিলেন। তাদের এই অংশগ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর