বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-তে জমা দিয়েছে সংস্থার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। তবে এ প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
মাউশির এক সূত্র বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, বুধবার স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অর্থ শাখায় পাঠানো হয়। বৃহস্পতিবার এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর মার্চের ৫ বা ৮ তারিখ শিক্ষক-কর্মচারীরা তাদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন,
“আজ (বৃহস্পতিবার) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যত দ্রুত প্রস্তাব অনুমোদন দেবে, শিক্ষক-কর্মচারীরা তত দ্রুত বেতনের টাকা পাবেন।”
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর