কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে একটি সংঘবদ্ধ দল ওই গ্রামের একটি বাড়িতে ঢুকে প্রথমে গোয়ালঘর থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে গৃহকর্তার সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে তিনি কৌশলে গ্রামবাসীকে সতর্ক করার উদ্যোগ নেন।
একপর্যায়ে মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ বলে ঘোষণা দেওয়া হলে আশপাশের ঘর থেকে গ্রামের মানুষ বের হয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে অটোরিকশাসহ তিন যুবককে ধরে ফেলেন। তবে তাদের আরও কয়েকজন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
আটক হওয়া তিনজন হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) এবং জুম্মাপাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।
স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। দুই দিন আগে একই গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের বাড়ি থেকেও একটি গরু চুরি হয়। শনিবার রাতে ডাকাত দলটি আলী নামে এক বাসিন্দার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের ধরে ফেলেন।
তিনি বলেন, এটি উপকূলীয় প্রত্যন্ত এলাকা। গ্রামবাসীরা একসঙ্গে না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। সবাই মিলে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
পরে আটক তিন যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উখিয়া থানার আওতাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার বলেন, গ্রামবাসী তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনাগুলোর সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর