সারা দেশের বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায়, শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক রাখা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনের ভিত্তিতে এই পুল গঠন করা হবে।
উপজেলাভিত্তিক উপজেলার অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে একটি অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক (সবাই)-কে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর পরামর্শক্রমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজনের নিরিখে সাময়িকভাবে উক্ত পুল হতে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এসংক্রান্ত সম্মানি ব্যয় নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাকে অনুরোধ করা হলো।
কুশল/সাএ
সর্বশেষ খবর