রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ কার্ড বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অতিথিদের ফুলের পরিবর্তে গাছ উপহার দেওয়ার কথা উল্লেখ করেন, যা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। নববর্ষের এই দিনে কৃষকদের মাঝে কৃষি কার্ড ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণকে উল্লেখযোগ্য যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
"ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরীবের অধিকার" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের ১৪১১ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
কুশল/সাএ
সর্বশেষ খবর