বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেন শাটলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
রোববার সকাল স্থানীয় সময় প্রায় ৮টা ৫ মিনিটে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস–এর একটি শাটলে এ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ট্রেনটিতে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদের ছুটি উপলক্ষে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন।
বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। পাশাপাশি আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী ভেহিকল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) হামলা ছিল, যেখানে ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়।
সূত্র: রয়টার্স
কুশল/সাএ
সর্বশেষ খবর