তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির অন্যতম পরিচিত মুখ কে. আন্নামালাই অবশেষে দল ছাড়লেন। কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৫ জুন) তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেন। দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগ অনুমোদন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের সঙ্গে তার নির্ধারিত উন্মুক্ত আলোচনার ঠিক আগে এই ঘোষণা আসে।
সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। সৌহার্দ্যপূর্ণ ওই বৈঠকে তিনি দল ছাড়ার ইচ্ছার কথা জানান। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সন্তোষের সঙ্গেও তার আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় নিতে বললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
আন্নামালাইয়ের পদত্যাগ প্রসঙ্গে তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নয়নর নাগেন্দ্রন বলেন, তার দলত্যাগে বিজেপির সাংগঠনিক শক্তিতে কোনো প্রভাব পড়বে না। তিনি দাবি করেন, বিজেপি বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং দল তার কার্যক্রম স্বাভাবিকভাবেই চালিয়ে যাবে।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি পি.ভি.এন. মাধব আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আন্নামালাই আবারও বিজেপিতে ফিরে আসতে পারেন।
পদত্যাগপত্রে আন্নামালাই উল্লেখ করেন, তামিলনাড়ুর ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক স্বার্থ নিয়ে জাতীয় দলগুলোর দৃষ্টিভঙ্গির সঙ্গে তার মতপার্থক্য দীর্ঘদিনের। তিনি জানান, গত ১৮ মাস ধরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের উদ্বেগ ও অসন্তোষের কথা তুলে ধরলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করেন যে তামিলনাড়ুর ভবিষ্যৎ নিয়ে তার রাজনৈতিক ভাবনা ও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের মধ্যে মৌলিক অমিল রয়েছে। তাই দলকে অস্বস্তিকর পরিস্থিতিতে না ফেলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে তিনি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন। তার নতুন দল আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে বলেও জানিয়েছেন।
২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন আন্নামালাই। মাত্র এক বছরের মাথায় ৩৭ বছর বয়সে তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি হয়ে যান। তার নেতৃত্বে রাজ্যে দলের ভোট ও দৃশ্যমানতা বাড়লেও বড় নির্বাচনী সাফল্য পাননি।
সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইএডিএমকের সঙ্গে জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ তীব্র হয়। আন্নামালাই চেয়েছিলেন বিজেপি একাই লড়ুক, কিন্তু শীর্ষ নেতৃত্ব জোটের পক্ষে ছিল। এআইএডিএমকে প্রধান ইদাপ্পাদি পালানিস্বামী জোটের শর্ত হিসেবে আন্নামালাইকে সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
আন্নামালাইয়ের এই পদত্যাগ তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর