ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এলাকা ত্যাগ করার কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
শুক্রবার (৫ জুন) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গ্যালিলি সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু যখন ওই এলাকায় অবস্থান করছিলেন, তখন শ্লোমি শহরের আশপাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, নেতানিয়াহু এলাকা ত্যাগ করার পরপরই পশ্চিম গ্যালিলিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাটির সময় এবং প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এর নৈকট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, দক্ষিণাঞ্চলের মতো উত্তরাঞ্চলের পুনর্বাসন, উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করতেও তার সরকার প্রয়োজনীয় সব ধরনের সম্পদ বিনিয়োগ করবে। তিনি দাবি করেন, উত্তরাঞ্চলের জনগণের নিরাপত্তা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: মিডল ইস্ট মনিটর।
সাজু/নিএ
সর্বশেষ খবর