আবারও বড় ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য, ২২ ক্যারেট: ২,২৫,২৯০ টাকা, ২১ ক্যারেট: ২,১৫,১৪২ টাকা, ১৮ ক্যারেট: ১,৮৪,৭৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৫০,৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, গত ২৭ জুন বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৮৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা দরে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর