দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার 'ভুতের মোড়' থেকে দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৬০,২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে 'ভুতের মোড়' এবং দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' এলাকায় জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর