আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে পুরোপুরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাঁধা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে পুরোপুরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধিতে কি সংশোধন আসছে জানতে চাইলে তিনি বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী ছিলো না। তা যুক্ত করা হচ্ছে। শুধু জেলা পরিষদ ছাড়া বাকি ৪ টি প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন) আইন আইনশৃঙ্খলার সংজ্ঞায় সেনাবাহিনী আসতে পারে।
স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, যদি সংজ্ঞায় পরিবর্তন আসে তাহলে প্রয়োজন হলে মোতায়েন করা হবে আর প্রয়োজন না হলে করা হবে না।
জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এবার যাদের বয়স ৩১ জুলাই ১৮ বছর হয়েছে তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোটা দিতে পারবেন। নির্বাচন আয়োজন ইতোমধ্যে সরকারের কাছে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য চেয়েছে সংস্থাটি। আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনাও রয়েছে সাংবিধানিক এ সংস্থটির।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধারাবাহিকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। জানাগেছে, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে চলতি বছরে নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি ইউপি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে ভোট উপযোগী হবে।
এছাড়া দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী হয়েছে। আইনি জটিলতায় ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়।
এদিকে নতুন ৫টিসহ দেশে মোট উপজেলা ৫০০টি। সবগুলোই নির্বাচন উপযোগী। নতুন করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।
অন্যদিকে নতুন করে সৃষ্টি হওয়া বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি রয়েছে। বর্তমানে সবগুলোই নির্বাচন উপযোগী। ইউপি বাদে অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর