চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল থেকে ভাসমান চার নাবিককে উদ্ধার করা হয়েছে। কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার ভাসমান এই চার ব্যক্তিকে উদ্ধার করেছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নদীতে ভাসমান এই চার ব্যক্তি একটি বালুবাহী বাল্ক হেডের স্টাফ ছিলেন।
উদ্ধারকারী বোটটিতে থাকা স্টাফরা জানান, বুধবার সকাল ১১টায় কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে আসে। কিছুদূর আসার পর নদীতে লাইফ জ্যাকেট গায়ে চারজনকে সাগরে ভাসতে দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে বোটে তুলে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন তারা একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক ছিলেন। তাদের বোটটি ডুবে গিয়েছিল। পরে তাদের ট্রলারে করে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সন্দ্বীপকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনো আমাদের কাছে আসেনি।’
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদারও জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো তথ্য পৌঁছায়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর