জয়পুরহাটে আরাফাত ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে এক ভটভটি চালকের হামলায় গুরুতর আহত অরুণ কুমার দেবনাথ (৫২) নামে এক কর্মচারী মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আহত হওয়ার ৩১ দিন পর তাঁর মৃত্যু হলো। এ ব্যাপারে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অরুণ কুমারের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।
অরুণ কুমার জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার বাসিন্দা। তিনি পুরানাপৈল এলাকার আরাফাত ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন বিকেলে পুরানাপৈল আরাফাত ফিলিং স্টেশনে একটি পিকআপ নিয়ে তেল নিতে আসেন আসামি লাভলু (৪৫)। তিনি জয়পুরহাট সদরের পারুলিয়া মাদ্রাসার পেছনের এলাকার বাসিন্দা। ওই সময় পাম্পে বিদ্যুৎ না থাকায় কর্মচারী অরুণ কুমার তাঁকে কিছু সময় অপেক্ষা করতে বলেন। লাভলু জেনারেটর চালু করতে বললে অরুণ কুমার জানান, মালিকের অনুমতি ছাড়া জেনারেটর চালানো সম্ভব নয়।
এতে ক্ষিপ্ত হয়ে লাভলু তাঁকে গালিগালাজ করেন এবং হাতে ইট নিয়ে দৌড়ে এসে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাথার পেছনে গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফেরেন। তবে কিছুদিন পর আবারও অসুস্থ বোধ করলে তাঁকে আবারও শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
এ ঘটনায় ২২ জুন অরুণ কুমারের ভাতিজা শ্রবন দেবনাথ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ‘ভিকটিমের স্বজনেরা অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার আবেদন করেছেন। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মাথায় পূর্বের আঘাতের কারণে মৃত্যু হয়েছে কি না—তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। আমরা পরিবারের সঙ্গে কথা বলছি এবং আইনি বাধ্যবাধকতার কারণে ময়নাতদন্ত সম্পন্ন করার চেষ্টা করছি। ময়নাতদন্ত শেষ করে অরুণের মরদেহ হস্তান্তর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর