• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৬:০২ বিকাল

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, আইনগত সুরক্ষা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নতুন কিছু জরুরি নির্দেশনা জারি করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেছে।

মন্ত্রণালয় বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলাফেরা করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানানো হয়েছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা যা করবেন

সরকারের নির্দেশনা অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের—

১. কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

২. সামাজিক যোগাযোগমাধ্যম পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে।

৩. চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

৪. অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং স্ক্যাম ও ফিশিং প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

৫. সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে তার সত্যতা যাচাই করতে হবে এবং উসকানিমূলক বা সন্দেহজনক অনলাইন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ যা থেকে বিরত থাকবেন

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১. সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সম্পর্কিত কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করা।

২. গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে না দেওয়া।

৩. ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো পোস্ট বা মন্তব্য না করা, যা কর্মরত দেশের আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

৪. কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া।

৫. যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া।

৬. কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রকাশ না করা।

৭. নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।

৮. ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন কোনো পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া।

৯. ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িয়ে না পড়া।

১০. কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আইনগত জটিলতা এড়ানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]