• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৩ মিনিট পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:৩৫ রাত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ ও র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদককে সামাজিকভাবে প্রতিহত করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে চট্টগ্রামের হাটহাজারীর নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সুধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই বক্তারা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, “মাদক কোনো ব্যক্তি বা একটি পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, মাদকবিরোধী আইনানুগ অভিযান ও অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্পৃক্ততাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে মাদকের চাহিদা কমানো, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

সমাবেশের সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি সমাবেশ নয়, এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার একটি সামাজিক অঙ্গীকার। আমরা চাই না আমাদের কোনো সন্তান মাদকের অন্ধকারে হারিয়ে যাক, কোনো মা-বাবাকে সন্তানের জন্য চোখের পানি ফেলতে হোক কিংবা কোনো পরিবার মাদকের কারণে ধ্বংস হয়ে যাক।”

সালাউদ্দীন আলী আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের চাহিদা তৈরির সামাজিক ও পারিবারিক কারণগুলোও চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে।

পরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক খুরশেদ উলম শিমুল, নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া, আবু রশিদ মেম্বার, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাংগলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ডা. আজম, মোহাম্মদ টিপু সুলতান, কৃষক দল হাটহাজারী উপজেলা সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, স্বপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, জাহেদ, সাংবাদিক আরমান, গাজী বাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, গাজী রাসেল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, রুবেল, আজগরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নাংগলমোড়া এলাকায় নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্তকরণ এবং সামাজিক প্রতিরোধ জোরদারের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]