কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিআইপি কক্ষে উইপোকার উপদ্রব এবং চরম অব্যবস্থাপনার কারণে রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার রাতে কুমিল্লা সার্কিট হাউসে এই ঘটনা ঘটে। জানা যায়, দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছিল।
রাত ১০টার দিকে বিশ্রাম নিতে কক্ষে প্রবেশ করলে তিনি পুরো কক্ষজুড়ে উইপোকার উপদ্রব দেখতে পান। বিষয়টি দেখে তিনি দায়িত্বরত কর্মচারীকে দ্রুত কক্ষ পরিবর্তন ও একটি অতিরিক্ত কম্বলের অনুরোধ জানান। তবে অভিযোগ রয়েছে, কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে তাঁর এপিএস বিষয়টি কুমিল্লার এনডিসিকে (নেজারত ডেপুটি কালেক্টর) এসএমএসের মাধ্যমে অবহিত করেন।
দীর্ঘ সময় অপেক্ষার পরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না পাওয়ায় চরম ক্ষোভ নিয়ে রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় এই উপনেতা।
একজন উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথির প্রতি সার্কিট হাউস কর্তৃপক্ষের এমন আচরণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর