নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকায় নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-ইউ-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন তিনি। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন এনসিপির এই নেতা।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার স্থানান্তরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন শুরুর পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর