পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা সফর করবেন। সফরকালে তিনি পদ্মা নদীর তীর সংরক্ষণ ও বাঁধ প্রকল্পের প্রস্তাবিত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ৩ সেপ্টেম্বর জারি করা সফরসূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়ক ও নৌপথে রাজবাড়ীর পাংশার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ব্রিফিংয়ে অংশ নেবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর ১টায় জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার সালদাহ এলাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
পাংশা উপজেলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। পদ্মা ব্যারেজ নির্মিত হলে রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলা সরাসরি উপকৃত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের ২১টি জেলা বিভিন্ন সুবিধার আওতায় আসবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর