ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী আল-মাখা নিয়ন্ত্রণে নিয়েছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। সৌদি-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারি বাহিনীকে পিছু হটিয়ে লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে তারা।
ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আল-মাখা দখলের পর হুতি যোদ্ধারা এখন বাব এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে প্রণালির কাছাকাছি আরও কয়েকটি উপকূলীয় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে গোষ্ঠীটি।
তবে এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রায় এক সপ্তাহ ধরে ইয়েমেনে তীব্র সংঘর্ষ চলছে, যার প্রভাব দেশটির সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবেও পড়েছে। সাম্প্রতিক সময়ে হুতিদের হামলায় সৌদি আরবের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, আল-মাখা দখলের ফলে হুতিরা কার্যত ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী প্রায় পুরো উপকূলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে।
তার মতে, বিদ্রোহীরা যদি তাইজ ও আল-মাখার মধ্যকার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, তাহলে তা ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হবে।
পুস্তাই বলেন, আল-মাখা পুরোপুরি হুতিদের নিয়ন্ত্রণে গেলে বাব এল-মান্দেব প্রণালিতে তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
তিনি আরও বলেন, বাব এল-মান্দেব প্রণালির সংকীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে হুতিরা উপকূলীয় আর্টিলারির মাধ্যমেই নৌপথে চাপ সৃষ্টি করতে পারবে। এতে শুধু সৌদি আরব নয়, আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থাও নতুন ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, আল-মাখা দখল ইয়েমেনের চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে এবং এর ফলে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর