যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। তবে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানানো হয়েছে। যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর কোর্টের জিআরও হেলাল উজ্জামান।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় যশোর শহরের উপশহর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম উঠে আসায় তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।
এর আগে গত ১৬ মে রাতে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ। তিনি শহরের লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। আটকের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে সম্প্রতি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর